স্বাধীনতা তোর থাকুক জারি লড়াই নিরন্তর....

স্বাধীনতা তোর থাকুক জারি লড়াই নিরন্তর....

 

নীল আকাশের ডানায় ওড়ে অনন্ত উচ্ছ্বাস।

বাংলাদেশের হৃদয় জুড়ে

স্বাধীনতা তোর বাস।

 

স্বাধীনতা তোর ফেব্রুয়ারীর একুশ হয়ে জ্বলা।

মুখের ভাষার কলধ্বনি

মনের কথা বলা।

 

স্বাধীনতা তোর রবি নজরুল শামসুর রহমান।

প্রতিবাদী কণ্ঠ সুধার

অবিনাশী গান।

 

স্বাধীনতা তোর দৃপ্ত তেজের মুখর মুগ্ধতায়

বাংলাদেশের হৃদয়বীণা

তোর সুরেতেই গায়।

 

স্বাধীনতা তোর শহীদ মিনার ৩০ লক্ষ প্রাণ।

মারের বদলা পাল্টা মারে

রক্তে ভেজা স্নান।

 

স্বাধীনতা তোর মুক্তিসেনার অদম্য সংগ্রাম

ক্যালেণ্ডারের তারিখ গুলো

প্রজ্জ্বল অবিরাম।

 

স্বাধীনতা তোর পতাকা সবুজ। রক্তিম সূর্য্য।

জয় বাংলা। জয় বাঙালি।

অনন্ত শৌর্য।

 

(২৫/০৩/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন